logo
Advertisement

মহাসড়কে নিষিদ্ধ যুবলীগের মিছিলের সময় পুলিশের ধাওয়া, আটক ৩

মহাসড়কে নিষিদ্ধ যুবলীগের মিছিলের সময় পুলিশের ধাওয়া, আটক ৩
বাঁ থেকে আটক সারোয়ার, সারোয়ার রাকিব ও সাদ্দাম হোসেন। ছবি : এশিয়া পোস্ট কোলাজ

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মিছিল থেকে আটক ব্যক্তিদের মুরাদনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে চান্দিনা, দাউদকান্দি ও মুরাদনগর উপজেলার সীমান্তবর্তী তীরচর-লাজৈর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার হাটাশ গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. সারোয়ার (১৬), একই থানার দৌলবাড়ি গ্রামের মৃত শিশু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৭) এবং দেবিদ্বার উপজেলার ছেছরাপুকুরিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সারোয়ার হোসেন রাকিব (৩০)।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুর ১টা ২৫ মিনিটের দিকে মুরাদনগরের লাজৈর এলাকা থেকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলটি চান্দিনার তীরচরের দিকে এগিয়ে আসার সময় পুলিশ ধাওয়া দেয়। এ সময় তিনজনকে আটক করা হয়। বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল। ছবি : ভিডিও থেকে নেওয়া
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল। ছবি : ভিডিও থেকে নেওয়া

স্থানীয় সূত্রের দাবি, আদালতের রায়ের প্রতিবাদে এবং যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ জাতীয় নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে এ মিছিল করা হয়। মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে সূত্রটি জানায়। মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

স্থানীয় সূত্র আরও জানায়, মিছিলটির নেতৃত্বে ছিলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদের ছোট ভাই এবং দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, মহাসড়কে টহলরত অবস্থায় তিনজনকে আটক করা হয়েছে। তবে আটকের স্থানটি থানার সীমানা অনুযায়ী মুরাদনগর থানা এলাকায় পড়েছে। এজন্য আটক তিনজনকে মুরাদনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।