ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে একজন আটক

এশিয়া পোস্ট নিউজ, পঞ্চগড়
ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে একজন আটক
অবৈধ উপায়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করা অসীম বিশ্বাস নামে এক বাংলাদেশিকে আটক করে বিজিবি। ছবি: এশিয়া পোস্ট

পঞ্চগড়ের বোদায় অবৈধ উপায়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করা অসীম বিশ্বাস নামে এক বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়শশী ইউনিয়নের অমরখানা এলাকা থেকে তাকে আটক করেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের বড়শশী ক্যাম্পের সদস্যরা।

পরে ওই বাংলাদেশি নাগরিককে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন বিজিবি সদস্যরা। আটক ব্যক্তির বিরুদ্ধে পাসপোর্ট আইনে একটি মামলা দায়ের করেছে বিজিবি। ওই মামলায় তাকে পঞ্চগড় আদালতে তোলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বোদা থানা পুলিশ।

আটক অসীম বিশ্বাস মাগুরা সদর উপজেলার রাউতরা এলাকার মৃত সুশীল বিশ্বাসের ছেলে। তিনি কাজের সন্ধানে অবৈধ উপায়ে ভারতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

বিজিবি জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের বড়শশী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত এলাকা দিয়ে অবৈধ উপায়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন অসীম বিশ্বাস। এ সময় বিজিবির টহল দল তাকে আটক করে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল বলেন, আটক ব্যক্তিকে আমাদের কাছে হস্তান্তর করেছে বিজিবি। তার বিরুদ্ধে বিজিবি পাসপোর্ট আইনে একটি মামলা করেছে। দুপুরে তাকে আদালতে তোলা হবে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম বলেন, আমাদের টহল দল সীমান্তে টহল দিচ্ছিল। এ সময় ওই বাংলাদেশি ব্যক্তি ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করলে আমরা তাকে ধরে ফেলি। তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা সীমান্তে অবৈধ উপায়ে কোনো কিছু পাচার, অবৈধ সীমান্ত পারাপার, মাদক, গরুসহ যে কোনো চোরাচালান রোধে সদা তৎপর রয়েছি।