logo

গাজীপুরে উত্তরবঙ্গমুখী লেনে ৩০ কিলোমিটার যানজট

গাজীপুরে উত্তরবঙ্গমুখী লেনে ৩০ কিলোমিটার যানজট
গাজীপুরে উত্তরবঙ্গমুখী লেনে যানজট। ছবি: এশিয়া পোস্ট

গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উত্তরবঙ্গমুখী লেনে ৩০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরের পর থেকে মহাসড়কে উত্তরবঙ্গমুখী যানবাহন চলছে ধীরগতিতে।

সরেজমিন দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা থেকে চন্দ্রা হয়ে কালিয়াকৈরের শেষ মাথায় ঠেকেছে যানজট। জিরানি বাজার থেকে চন্দ্রা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।

তবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট না থাকলেও ভোগরা, বোর্ডবাজার, চৌরাস্তা, সালনা, ভবানিপুর হয়ে মাওনা এলাকায় থেমে থেমে যান চলাচল করছে।

উত্তরবঙ্গগামী যাত্রী পোশাক শ্রমিক আবু জাফর বলেন, কারখানা ১২টার পর ছুটি হয়েছে। ভেঙে ভেঙে চন্দ্রা পর্যন্ত এসেছি। এখানে এসে দেখি যানজট। গাড়িও পাচ্ছি না।

মোসাদ্দেক নামে এক যাত্রী বলেন, সফিপুর ফ্লাইওভার পার হতেই দেড় ঘণ্টা লেগেছে। এই স্থানে আসার পর গাড়ি একদম বন্ধ, কোনো নড়াচড়া নেই।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, আজ ঘরমুখো মানুষের চাপ কয়েক গুণ বেড়েছে। অতিরিক্ত যানবাহনের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছে।