logo

ফেনসিডিলের খালি বোতলে ভরাট ড্রেন

ফেনসিডিলের খালি বোতলে ভরাট ড্রেন
ড্রেন থেকে উদ্ধার করা ফেনসিডিলের খালি বোতল। ছবি : এশিয়া পোস্ট

কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকার বাদশা মিয়ার বাজারসংলগ্ন একটি ড্রেন থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলের খালি বোতল উদ্ধার করা হয়েছে। ড্রেনজুড়ে এসব বোতল ও অন্যান্য বর্জ্য জমে থাকায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (৩ জুন) সকালে পরিচ্ছন্নতাকর্মীরা ড্রেন পরিষ্কারের সময় বিপুল পরিমাণ ফেনসিডিলের খালি বোতল দেখতে পান। পরে সেগুলো ড্রেন থেকে অপসারণ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনে বিভিন্ন ধরনের আবর্জনার পাশাপাশি ফেনসিডিলের খালি বোতল ফেলা হচ্ছে। ফলে ড্রেনের স্বাভাবিক পানি চলাচল ব্যাহত হয়ে বৃষ্টির সময় পানি উপচে রাস্তায় উঠে আসে। এতে পথচারী, ব্যবসায়ী ও আশপাশের বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা রোমানা বলেন, ড্রেনে এত ফেনসিডিলের খালি বোতল পাওয়া উদ্বেগজনক। এগুলো কোথা থেকে আসছে, সেটি খতিয়ে দেখা প্রয়োজন। এলাকায় মাদকসেবন ও মাদক ব্যবসা চলছে বলেই মনে হচ্ছে। আমরা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা এবং মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর উদ্যোগ চাই।

এলাকার বাসিন্দা ও আইনজীবী মুনসুর হিল্লোল বলেন, নিয়মিত ড্রেন পরিষ্কার না হওয়ায় বর্জ্যের সঙ্গে মাদকের খালি বোতল জমে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। বৃষ্টির সময় বাজার ও আশপাশের দোকানপাটে পানি ঢুকে ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়। জলাবদ্ধতা নিরসনে দ্রুত ড্রেন পরিষ্কার এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার এশিয়া পোস্টকে বলেন, মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিত চলছে। ড্রেনে পাওয়া খালি বোতলগুলো কোথা থেকে এসেছে এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে খোঁজ নেওয়া হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।