টিকটক করতে গিয়ে প্রাণ গেল কিশোরের

কিশোরগঞ্জের নিকলীতে টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে নিখোঁজ হওয়া কিশোর মোনায়েম হোসেনের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) রাত সোয়া ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত মোনায়েম হোসেন উপজেলার কারপাশা ইউনিয়নের নানশ্রী গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১টার দিকে কারপাশা ইউনিয়নের বাগখালী এলাকার নানশ্রী সেতুসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টিকটক ভিডিও ধারণের উদ্দেশ্যে মোনায়েম সেতুর পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন। সেখান থেকে পানিতে লাফ দেওয়ার চেষ্টা করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পানিতে পড়ে তলিয়ে যান।
ঘটনার পর স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করেন। পরে খবর পেয়ে নিকলী থানা-পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ তল্লাশি চালিয়ে রাত সোয়া ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত সোয়া ৯টার দিকে ঘটনাস্থলের কাছ থেকেই মোনায়েমের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
.png)






