logo

কক্সবাজারের মেরিন ড্রাইভে পাহাড়ধস, আড়াই ঘণ্টা পর স্বাভাবিক যান চলাচল

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, কক্সবাজার
কক্সবাজারের মেরিন ড্রাইভে পাহাড়ধস, আড়াই ঘণ্টা পর স্বাভাবিক যান চলাচল
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে পাহাড়ধস। ছবি : এশিয়া পোস্ট

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে পাহাড়ধসে এক পর্যটকসহ অন্তত তিনজন আহত হয়েছেন। পাহাড়ধসের কারণে প্রায় আড়াই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহিনীর সদস্যরা মাটি ও গাছপালা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরিয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, পাহাড়ধসের সময় একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর মাটি ভেঙে পড়ে। এতে অটোরিকশায় থাকা তিন যাত্রী আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া না গেলেও তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী টেকনাফের বাসিন্দা কামাল উদ্দিন জানান, মেরিন ড্রাইভের পূর্ব পাশের উঁচু পাহাড়ের একটি অংশ বিরাট গাছসহ ধসে সড়কের ওপর পড়ে। এতে সড়কের দুই পাশে পর্যটকবাহী যানবাহনসহ শতাধিক গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে খননযন্ত্র (এক্সকাভেটর) ব্যবহার করে মাটি ও গাছপালা সরিয়ে ফেললে যান চলাচল পুনরায় শুরু হয়।

দরিয়ানগর এলাকার বাসিন্দা আবদুল মোতালেব জানান, সাম্প্রতিক ভারী বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে ধসের ঝুঁকি বেড়েছে। প্রতি বর্ষা মৌসুমেই মেরিন ড্রাইভের পাহাড়ঘেঁষা অংশগুলোতে ছোট-বড় পাহাড়ধসের ঘটনা ঘটে, যা যাত্রী ও পর্যটকদের জন্য চরম ঝুঁকিপূর্ণ।

আবহাওয়া অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ মো. আবদুল হান্নান জানান, বুধবার দুপুর ১২টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বর্ষণ অব্যাহত থাকলে জেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে আরও পাহাড়ধসের আশঙ্কা রয়েছে।