logo

জামালপুরে ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষে শিশু নিহত

জামালপুরে ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষে শিশু নিহত

জামালপুরের মাদারগঞ্জে ট্রাক্টরের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ফায়ার সার্ভিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক্টরচালককে আটক করা হয়েছে, তবে অটোরিকশাচালক পালিয়ে যান। 

নিহত শিশু জাহিন জামালপুর সদরের মনিরাজপুর এলাকার মামুনের ছেলে। আহতরা হলেন—শিশুটির মা বিথী, জুনাইল এলাকার সামিরা ও সেলিনা। তারা মাদারগঞ্জে তেঘরিয়া আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, মাদারগঞ্জ-জামালপুর সড়কের ফায়ার সার্ভিস মোড়ে একটি ট্রাক্টর সড়কে উঠছিল। এ সময় জামালপুর থেকে ছেড়ে আসা অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু জাহিন। আর আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। বাকি একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের আহম্মেদ বলেন, এ ঘটনায় ট্রাক্টরের পাশাপাশি চালককেও আটক করা হযেছে। আর সিএনজি আটক করা গেলেও চালক পালিয়ে যান। এ বিষয়টি নিয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. মো. আবু রায়হান বলেন, সকালে চারজনকে হাসপাতালে আনা হয়, তাদের মধ্যে একজন পথে মারা যায়। বাকি আহত তিনজনের একজনকে জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।