সাভারে মাদকসেবীদের ব্যতিক্রমী শাস্তি

ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের শ্যামাই এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে কয়েক তরুণকে ব্যতিক্রমী শাস্তি দিয়েছে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির একটি টহল দল। কোনো মামলা বা শারীরিক নির্যাতনের বদলে মাটিতে এক মিনিট গড়িয়ে নেওয়ার এই অভিনব শাস্তির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সামাজিক মহলে প্রশংসায় ভাসছে পুলিশের এই উদ্যোগ।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল-আমিন জানান, গতকাল রাতে শ্যামাই এলাকায় নৈশটহলের সময় কয়েকজন তরুণকে প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় পাওয়া যায়। অপরাধের মাত্রা ও তাদের বয়স বিবেচনা করে আমরা সরাসরি আইনি জটিলতায় যাইনি। বরং তাদের সতর্ক করার উদ্দেশ্যে মাটিতে এক মিনিট গড়িয়ে চলার অভিনব নির্দেশ দেওয়া হয়। পরে অভিভাবকদের ফাঁড়িতে ডেকে ভবিষ্যতে এমন কাজে না জড়ানোর মুচলেকায় তরুণদের স্ব-স্ব পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। শ্যামাই এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, কম বয়সে ভুল করতেই পারে। শুরুতেই জেলে দিলে বা মামলা ঠুকে দিলে ছেলেগুলোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যেত। পুলিশ যে মানবিক দৃষ্টিভঙ্গি দেখিয়েছে, এতে যেমন তাদের শিক্ষা হয়েছে, তেমনি পরিবারের কাছেও একটা কড়া বার্তা গেছে।
একই এলাকার অপর এক অভিভাবক নাজমুল হাসান বলেন, আজকাল সব জায়গায় মাদকের বিস্তার বাড়ছে। আইনি আইনি খেলা না খেলে পুলিশ যে কৌশলটা নিয়েছে তা প্রশংসনীয়। লজ্জা আর সামাজিক ভয়ের কারণে হলেও এই তরুণেরা আর ভুলেও মাদকের দিকে যাবে না। এমন সচেতনতামূলক কাজ মাঝেমধ্যেই হওয়া দরকার।
নেটিজেনরাও সামাজিক মাধ্যমে ভিডিওটি শেয়ার করে তরুণদের সতর্ক হওয়ার বার্তা দিচ্ছেন। স্থানীয়দের মতে, পুলিশের এই মানবিক উদ্যোগ তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে ফেরাতে বড় ভূমিকা রাখবে।



