প্রেমে ব্যর্থ হয়ে ইয়াবা কারখানা গড়ে তোলেন বাপ্পি, অবশেষে গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে একটি আবাসিক বাড়িতে ইয়াবা তৈরির কারখানায় অভিযান চালিয়ে নাজমুল ইসলাম বাপ্পি (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান উদ্ধার করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গীর পাগার (আলেকটেক) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাজমুল ইসলাম বাপ্পি টঙ্গীর পাগার (আলেকটেক) এলাকার তাইজুল ইসলামের ছেলে।
গ্রেপ্তার বাপ্পি জানান, কয়েক বছর আগে তিনি প্রবাস থেকে দেশে ফেরেন। এরপর এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। সেই প্রেম বেশিদিন টেকেনি। পরে মাদকাসক্ত হয়ে পড়েন তিনি। এরপরই ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলার পরিকল্পনা করেন তিনি। ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউব থেকে তথ্য সংগ্রহ করে নিজেই ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কয়েক দিন ধরে নাজমুলের বাড়ির ওপর নজরদারি করছিল পুলিশ। শুক্রবার দিবাগত রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। বাপ্পির বাড়ির চতুর্থ তলায় ইয়াবা তৈরির কারখানা ও রাসায়নিক পদার্থ মজুত থাকার তথ্য পাওয়া যায়। এ সময় ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান জব্দ করা হয়।
ওসি বলেন, ইয়াবা তৈরির জন্য প্রয়োজনীয় সব উপাদান বাপ্পি মজুত রেখেছিলেন। সেখানে একটি ল্যাব ও একটি গোপন কক্ষ রয়েছে। কক্ষটিতে যাওয়ার কোনো পথ নেই; কারখানাটি বাড়ির একেবারে ভেতরে স্থাপন করা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পি ইয়াবা তৈরির জন্য এসব রাসায়নিক উপাদান জড়ো করার কথা স্বীকার করেছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি-টঙ্গী জোন) মো. এরশাদুল রহমান বলেন, অভিযান চালিয়ে বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে। ইয়াবা তৈরির বিভিন্ন উপকরণ চট্টগ্রাম ও কুমিল্লা এলাকা থেকে সংগ্রহ করেছেন।