সরবরাহ শুরুর আগেই ৩ হাজার গ্রাহকের পানির মিটার চুরি

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রম শুরুর আগেই চুরি হয়ে গেছে তিন হাজারের বেশি গ্রাহকের পানির মিটার। ছয় হাজার গ্রাহকের জন্য স্থাপন করা মিটারের অর্ধেকেরও বেশি চুরি হওয়ায় পানি সংযোগ দেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, পৌর এলাকার ছয় হাজার মানুষকে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শেষ হয়েছে। প্রকল্পের আওতায় ঘাটিনা নদীর তীরে একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। সম্প্রতি সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম প্ল্যান্টটি উদ্বোধন করেন। তবে উদ্বোধনের পরও গ্রাহক পর্যায়ে পানি সরবরাহ শুরু হয়নি।
পৌরসভার ঝিকড়া এলাকার বাসিন্দা মাজহারুল ইসলাম, আশরাফুল ইসলামসহ কয়েকজন জানান, পানি সরবরাহের জন্য তাদের এলাকায় মিটার স্থাপন করা হলেও এখনও পানি পাওয়া শুরু হয়নি। এরই মধ্যে মিটার চুরি হওয়ায় তারা উদ্বিগ্ন। মিটার চুরির কারণে পানি সংযোগ পেতে দেরি হবে কি না, তা নিয়েও দুশ্চিন্তায় আছেন তারা। দ্রুত মিটার চুরি বন্ধ, চুরি যাওয়া মিটার পুনঃস্থাপন এবং পানি সরবরাহ চালুর দাবি জানিয়েছেন তারা।
উল্লাপাড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম ভূঁইয়া বলেন, ছয় হাজার গ্রাহকের জন্য স্থাপন করা মিটারের মধ্যে গত এক বছরে তিন হাজারের বেশি মিটার চুরি হয়েছে। গত ছয় মাসে চুরির ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে। এতে গ্রাহকদের পানি সংযোগ দিতে সমস্যা হতে পারে। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হলেও চুরি বন্ধ হচ্ছে না।
তিনি আরও জানান, পৌরসভার ঘোষগাতী, কাওয়াক ও উল্লাপাড়া এলাকায় মিটার চুরির ঘটনা বেশি ঘটেছে। পানি সরবরাহ শুরুর আগেই বিপুলসংখ্যক মিটার চুরি হওয়ায় প্রকল্পটি বাস্তবায়নে জটিলতা তৈরি হয়েছে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, পৌর এলাকায় পানির মিটার চুরির বিষয়টি পুলিশ অবগত রয়েছে। চুরি প্রতিরোধে এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।