চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণচেষ্টা, যুবককে ধরে পুলিশে দিল স্থানীয়রা

পটুয়াখালীর বাউফলে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণচেষ্টার মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বগা ইউনিয়নে লিটন পোদ্দার নামে ওই যুবককে আটকে রেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ওই শিশু তার নানাবাড়িতে থেকে একটি বেসরকারি বিদ্যালয়ে পড়াশোনা করে। ঘটনার দিন দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে লিটন পোদ্দার কৌশলে তাকে স্থানীয় একটি বাগানে নিয়ে যায়। এ সময় শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যান লিটন।
পরে শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে জানায়। স্থানীয় গ্রামবাসীর সহায়তায় অভিযুক্তকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিটন পোদ্দারকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার পর আটক লিটনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।