পুলিশের পোশাক পরে ইজিবাইক ছিনতাই

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পরে চালককে মারধর করে ইজিবাইক ছিনতাই করে নিয়েছে সংঘবদ্ধ একটি চক্র। গত মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলার গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের বাগদা এলাকার চারাবটগাছ নামক স্থানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বুধবার (৪ মার্চ) দুপুরে ভুক্তভোগী ইজিবাইকচালক গোলাম হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন।
ইজিবাইকচালক গোলাম হোসেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাহেবগঞ্জ চাম্পাতলী গ্রামের বাসিন্দা। তিনি বলেন, ইজিবাইকে স্থানীয় এক ব্যবসায়ীকে নিয়ে তরমুজ কেনার জন্য শিবগঞ্জের মহাস্থানে যাচ্ছিলেন। পথে বাগদা এলাকার চারাবট গাছ নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার পথরোধ করে।
এ সময় পুলিশের পোশাক পরা পাঁচ যুবক প্রাইভেট কার থেকে নেমে গোলাম হোসেনকে ব্যাপক মারধর করে। এ সময় ইজিবাইকে থাকা তরমুজ ব্যবসায়ীকে মারধর করে ৭৫ হাজার টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয়।
পরে দুর্বৃত্তদের একজন ইজিবাইকটি চালিয়ে নিয়ে যান এবং অপর চারজন ইজিবাইক চালককে প্রাইভেটকারে তুলে নিয়ে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জের কলাবাগান নামক স্থানে ফেলে রেখে যান।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।