মৌলভীবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে খালে তেলবাহী ট্রাক, চালক নিহত

মৌলভীবাজারের রাজনগরে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে তেলবাহী একটি ট্রাক খালে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চালকের সহকারী (হেলপার)। আজ বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার ধামাইপার সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম রোমান মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নারায়ণগঞ্জ থেকে জ্বালানি তেল নিয়ে ট্রাকটি সিলেটের দিকে যাচ্ছিল। রাজনগরের ধামাইপার সেতু এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সেতুর রেলিং ভেঙে নিচে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক রোমান মিয়ার মৃত্যু হয়। স্থানীয়রা এসে গুরুতর আহত হেলপার নয়নকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
খবর পেয়ে রাজনগর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। পরে উদ্ধার কাজে সহায়তার জন্য মৌলভীবাজার ও ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের দলও অভিযানে যোগ দেয়। ফায়ার সার্ভিসের রেকার ভ্যানের সহায়তায় খালের পানি থেকে নিহত চালকের লাশ উদ্ধার করা হয়।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাকারিয়া বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় খালের ভেতর থেকে চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সময় ট্রাকে দুজনই ছিলেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহত চালকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করছে।
.png)


