রিসোর্টে অবস্থান করছিলেন ১৬ জনের বেশি পর্যটক, বাইরে ছিলেন ৫ জন

কক্সবাজারের ইনানী পাটোয়ারটেক এলাকার টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। আগুনে আহত কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে এ আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে।
পুলিশ সূত্র জানিয়েছে, টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে মোট রুম ছিল ৯টি। গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) রাতে তিন রুমের পর্যটক চেকআউট হয়ে চলে যান। বাকি ৬ রুমে ১৬ জন পর্যটক অবস্থান করছিলেন। তাদের মধ্য থেকে ৫ থেকে ৬ জনের মতো সকালে বেরিয়ে বিভিন্ন কাজে বাইরে ছিলেন। অগ্নিকাণ্ডে তাদের মধ্য থেকে ছয়জন মারা যান। বাকিদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার পর খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে এবং সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে উদ্ধার কার্যক্রম চলছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ৪ থেকে ৫ জন বের হতে পেরেছেন। তবে বাকিদের বর্তমান অবস্থা ও অবস্থান সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আরও একজনের মৃত্যু হয়। মৃত ব্যক্তিরা সবাই পর্যটক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে মরদেহের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

