ফেনীতে ফুট ওভারব্রিজ নির্মাণে সড়ক মন্ত্রীকে পরিবেশ মন্ত্রীর চিঠি

ফেনীর দাগনভূঞায় একটি ফুট ওভারব্রিজ নির্মাণ জন্য সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রীকে চিঠি দিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
সোমবার (১৭ আগষ্ট) পাঠানো চিঠিতে আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দাগনভূঞা এলাকার ওপর দিয়ে ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়ক চলে গেছে। এ মহাসড়কের পাশে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাজার, স্কুল, কলেজ, মাদ্রাসা ও আর্থিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানকে কেন্দ্র করে অসংখ্য মানুষের সমাগম ঘটে। কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টে ফুট ওভারব্রিজ না থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
রোববার (১৬ আগষ্ট) বিকেলে সিলোনীয়া এলাকায় বাসচাপায় এক স্কুলছাত্রী নিহত হয়। এর আগেও এখানে দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। এ ছাড়া বেকের বাজার এলাকায় বহু মানুষ সমবেত হন। ফলে সিলোনীয়া ও বেকের বাজার এলাকায় দুটি ফুট ওভারব্রিজ নির্মাণের জন্য অনুরোধ করেন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
আব্দুল আউয়াল মিন্টুর একান্ত সহকারী নাজমুল হুদা রাজু বলেন, মাননীয় মন্ত্রী বিষয়টি অবগত হয়ে এ বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছেন। আমরা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছি। আশা করছি দ্রুত দাগনভূইয়ার বেকের বাজার ও সিলোনিয়াতে দুটি ফ্লাইওভার নির্মাণ কাজ শুরু হবে।



