বিদেশযাত্রায় আদালতের নিষেধাজ্ঞা, সিলেট বিমানবন্দরে যুক্তরাজ্যপ্রবাসী নারী আটক

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাজ্যপ্রবাসী এক নারীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। প্রতারণার মামলায় তার বিদেশযাত্রায় আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।
রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের যাত্রী ছিলেন তিনি।
আটক মাকসুদা চৌধুরী মৌলভীবাজার সদর উপজেলার রাউতগাঁও গ্রামের শাহ মো. ছালেক হোসেনের স্ত্রী।
তিনি সিলেট কোতোয়ালি মডেল থানায় দায়ের করা একটি প্রতারণা মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলায় আদালতের নির্দেশে তার বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্র জানায়, রোববার সকাল সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ (BG201) ফ্লাইটে যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশন সম্পন্ন করতে গেলে তার বিরুদ্ধে জারি থাকা ভ্রমণ নিষেধাজ্ঞার তথ্য শনাক্ত হয়। এরপর বিদেশযাত্রা স্থগিত করে তাকে আটক করা হয়।
পরে সকাল সাড়ে ১০টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে আটক মাকসুদা চৌধুরীকে মামলার তদন্ত কর্মকর্তা সিলেট কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুসের কাছে হস্তান্তর করে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, প্রতারণা মামলার আসামি হওয়ায় আদালতের নির্দেশ অনুযায়ী ওই নারীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। বিমানবন্দরে তাকে আটক করে পরে আদালতে পাঠানো হয়েছে।





