আজও গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ কারখানা ছুটি

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আজও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা।
রোববার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈরের সফিপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এতে ওই মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, রোববার সকালে কারখানা শ্রমিকরা কাজে যোগ দেন। পরে তারা কারখানা হতে বের হয়ে মহাসড়ক অবস্থান নিয়েছেন। শ্রমিকদের এই আন্দোলনের কারণে আশপাশের ৮ থেকে ১০ কারখানা ছুটি দিয়েছে। এরপর হাজার হাজার শ্রমিক মহাসড়কে অবস্থান নিয়েছেন। শ্রমিকরা লাঠিসোঁটা হাতে নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেওয়ায় ওই মহাসড়কে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।
পুলিশ, কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা জানান, গত দুই সপ্তাহ ধরে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক, সফিপুরসহ বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। এর মধ্যে সরকার শ্রমিকদের বেতন বাড়ানোর জন্য নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এরপরও বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছিল। রাতে তারা মহাসড়ক ছেড়ে দিলেও সকাল হতে আবারও মহাসড়কে অবস্থান নিয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকরা আজও সকাল হতে মহাসড়কে অবস্থান নিয়েছে। যার ফলে মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে।