রাজশাহীতে ভূমি অফিসে ৩ পেট্রোলবোমা নিক্ষেপ

রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিসে পেট্রোলবোমা মেরেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি পেট্রোলবোমা বিস্ফোরিত হলেও অপর দুটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভূগরোইল মোড় এলাকায় অবস্থিত ভূমি অফিস লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
ঘটনার খবর পেয়ে রোববার সকালে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এ সময় পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন এবং সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে উপজেলা পরিষদ, ভূমি অফিস, বিমানবন্দর ও বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। এসব স্থাপনায় রাতের নিরাপত্তাকর্মী, পুলিশি টহল এবং আনসার সদস্য মোতায়েনের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে।
ইউএনও মো. ইবনুল আবেদীন বলেন, সম্প্রতি বিমানবন্দর ও খড়খড়ি উপকেন্দ্রে হামলার পর এবার উপজেলা ভূমি অফিস লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে। নৈশপ্রহরী ও নিরাপত্তাকর্মীরা সতর্ক থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা ও পুলিশের টহল বাড়ানো হয়েছে।
কোথাও সন্দেহভাজন ব্যক্তির তৎপরতা চোখে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
