logo

ছিনতাইকারীর হাত থেকে রক্ষা পেলেন না ভিক্ষুকও

ছিনতাইকারীর হাত থেকে রক্ষা পেলেন না ভিক্ষুকও

বরগুনার পাথরঘাটায় এক বৃদ্ধা ভিক্ষুক ছিনতাইয়ের কবলে পড়েছেন। ছিনতাইকারীরা তার কানের দুল ও নাকের নোলক ছিনিয়ে নেয়। এ সময় তার কানের লতি ছিঁড়ে যায়। সোমবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পাথরঘাটার কেএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার হওয়া ভিক্ষুক হলেন রাবেয়া বেগম উপজেলার কাটাখাল এলাকায় একটি গুচ্ছগ্রামে (সরকারি আবাসন) বসবাস করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃদ্ধা রাবেয়া বেগম পাথরঘাটা পৌর শহরে ভিক্ষা করে জীবনযাপন করেন। আজ সকালে তিনি পাথরঘাটা কেএম মাধ্যমিক বিদ্যালয় এলাকায় ভিক্ষা করার সময় ছিনতাইকারীরা তার নাক থেকে নোলক এবং কান থেকে দুল ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের থাবায় তার কানের লতি ছিঁড়ে যায়।

পরে ওই ভিক্ষুক পাথরঘাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমিন সোহেলকে বিষয়টি জানান। পরে তিনি ওই ভিক্ষুককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান। ঘটনাটি তিনি পাথরঘাটা থানা-পুলিশকে জানান। ছিনতাইকারীদের চিহ্নিত করতে পাথরঘাটার বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ।

আমিন সোহেল বলেন, রাবেয়া নামের এক বয়স্ক ভিক্ষুক রক্তাক্ত অবস্থায় আমার কাছে এসে তার নাকের নোলক ও কানের দুল ছিনতাইয়ের ঘটনা জানান। পরে আমি তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। ঘটনাটি আমি থানা-পুলিশকেও জানিয়েছি।

রাবেয়া বেগম বলেন, হঠাৎ করে কয়েকজন লোক এসে আমার নাকের নোলক ও কানের দুল টান দিয়ে নিয়ে যায়। এতে আমার কান ছিঁড়ে গেছে। আমি আপনাদের কাছে আমার কানের দুল ও নাকের নোলক ফেরত চাই। আপনারা ব্যবস্থা করে দিন।

পাথরঘাটা থানার ভার্রপাপ্ত কর্মকর্তা (ওসি) মাংচেনলা বলেন, ঘটনাটি এক সাংবাদিকের মাধ্যমে শুনেছি। ছিনতাইকারীদের ধরতে বিভিন্ন ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ যাচাই করে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। আশা করি, খুব দ্রুতই ছিনতাইকারীদের গ্রেপ্তার করা সম্ভব হবে।