মুন্সীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুপক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ৫

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওসিসহ উভয়পক্ষের ৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীনগরে পৃথক কর্মসূচির আয়োজন করে দলটির বিবদমান দুপক্ষ। কর্মসূচিতে অংশ নিতে শেখ আবদুল্লাহর সমর্থকরা মিছিল নিয়ে শ্রীনগর বাজার এলাকায় আসেন। এ সময় তাদের ওপর কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুর সমর্থকরা হামলা চালালে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা তৈরি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্তও আঘাতপ্রাপ্ত হন।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত বলেন, দুপক্ষই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কর্মসূচির আয়োজন করেছিল। মিছিল নিয়ে আসার সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ করেছে। এ সময় আমার মাথায় একটি ইটের টুকরায় আঘাতপ্রাপ্ত হয়েছি। তবে গুরুতর নয়।
তিনি জানান, সংঘর্ষে উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা হলেন এমপি গ্রুপের রনি ও অপর পক্ষের এক মেম্বার। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



