logo

সিলেটে মধ্যরাতে পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক 

সিলেটে মধ্যরাতে পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক 

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করার প্রতিবাদে সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে ধর্মঘট আহ্বান করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) রাত থেকে ধর্মঘট শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী।

হঠাৎ করে ধর্মঘট শুরু হওয়ায় বিপাকে পড়েছেন দূরপাল্লার পণ্য-পরিবহন ও বাস চালকরা। স্থানীয় চালকরাও তেল না পেয়ে ভোগান্তিতে পড়ছেন।

এর আগে বুধবার দুপুরে নগরের একটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে অতিরিক্ত পেট্রোল মজুদের অভিযোগে জরিমানা করে জেলা প্রশাসন।

জুবায়ের আহমদ চৌধুরী বলেন, মোবাইল কোর্টের অভিযানের নামে পেট্রোল পাম্পে চাঁদাবাজি করা হচ্ছে। প্রতিদিনই এমন অভিযান চালানো হচ্ছে। এমনিতেই চাহিদামাফিক জ্বালানি তেল সরবরাহ পাওয়া যাচ্ছে না। তার উপর এমন ‘চাঁদাবাজি’ চলতে থাকলে ব্যবসা করা সম্ভব না। তাই আমরা ধর্মঘটের ডাক দিয়েছি।

পেট্রোল পাম্প মালিক সংগঠনের একাধিক নেতা জানান, পাম্পে অভিযান পরিচালনা, জরিমানা আদায় ছাড়াও জ্বালানি তেল বিক্রিতে প্রশাসনের বিভিন্ন বাধ্যবাধকতার কারণে পাম্প মালিকরা ক্ষুব্ধ। ট্যাগ অফিসার নিয়োগ, ডিপোতে বিজিবি মোতায়েনসহ সরকারি এসব সিদ্ধান্ত জ্বালানি ব্যবসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ তাদের। এছাড়া প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ করেছে তারা।

এর আগে বুধবার দুপুরে সিলেটে সরকার নির্ধারিত পরিমাণের বেশি পেট্রোল মজুদ রাখার কারণে নগরের এ অ্যান্ড এ অ্যাসোসিয়েটস নামের একটি পেট্রোল পাম্পকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সিলেট জেলা প্রশাসন ও র‌্যাবের যৌথ অভিযানে এই জরিমানা আদায় করা হয়।