ফুটপাত দখল করে সিটি করপোরেশনের লোগোযুক্ত ২৫ স্টল

সড়ক ও ফুটপাতের জায়গা দখল করে বরিশাল নগরের ব্যস্ততম চৌমাথা এলাকায় অবৈধ ২৫টি ফলের স্টল বসানো হয়েছে। প্রতিটি স্টলে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) লোগো রয়েছে। তবে বিসিসির দাবি, এসব স্টল বসানোর কোনো অনুমোদনই তারা দেয়নি।
স্থায়ী ব্যবসায়ীদের অভিযোগ, লাখ লাখ টাকা দিয়ে বৈধভাবে তারা দোকান বরাদ্দ নিয়েছেন। অথচ তাদের দোকানের সামনেই অনুমোদনহীন এসব স্টল বসানো হয়েছে।
বৃহস্পতিবার চৌমাথা সিটি মার্কেট এলাকায় গিয়ে দেখা যায়, মার্কেটের পশ্চিম ও উত্তর পাশে সারি করে বসানো হয়েছে ২৫টি বক্স স্টল। কোথাও সড়কের ওপর, কোথাও ফুটপাত ও ড্রেনের জায়গা দখল করে স্টলগুলো বসানো হয়েছে। প্রতিটির গায়ে সাঁটানো বিসিসির লোগো দেখে প্রথম দেখায় মনে হতে পারে, এগুলো সিটি করপোরেশনের অনুমোদিত দোকান। কিন্তু বিসিসির হাটবাজার শাখার তত্ত্বাবধায়ক রেজাউল করিম বলেন, এসব দোকান বসানোর কোনো অনুমোদন করপোরেশন দেয়নি।
দোকান বসানোর নেতৃত্বে থাকা ফল বিক্রেতা মো. জলিল হাওলাদার বলেন, সিটি করপোরেশনের সাবেক প্রশাসক রায়হান কাওসারের সময়ে এসব বক্স দোকান তৈরি করা হয়েছিল। তখন তাদের বসতে দেওয়া হয়নি। পরে আজ বৃহস্পতিবার তারা নিজেরাই দোকানগুলো এনে মার্কেটের সামনে বসিয়েছেন। এ সময় সিটি করপোরেশনের অনুমোদন না থাকার বিষয়টি স্বীকার করেন তিনি।
এদিকে চৌমাথার স্থায়ী ব্যবসায়ীদের কয়েকজন জানান, সিটি করপোরেশনকে ২০ থেকে ৩০ লাখ টাকা দিয়ে তারা বৈধভাবে স্টল বরাদ্দ নিয়েছেন। এখন তাদের দোকানের মুখের সামনেই বসানো হয়েছে নতুন এসব দোকান। এতে ক্রেতাদের চলাচল যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি ব্যবসাও মার খাচ্ছে।
সিটি করপোরেশনের উচ্ছেদ শাখার প্রধান লকিতুল্লাহ সিকদার বলেন, মহাসড়ক ও ফুটপাত দখল করে অবৈধ দোকান বসানোর খবর তারা পেয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অভিযান পরিচালনাকারী দল পাঠানো হচ্ছে।অবৈধভাবে বসানো এসব স্টল দ্রুত উচ্ছেদ করা হবে।