১৬ দিনেও মেলেনি কামালের সন্ধান, ঢাকায় মিলল ফোন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে কামাল হোসেন (৪৬) নামে এক কাঠমিস্ত্রি ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। তবে নিখোঁজের পরদিন ঢাকার শাহবাগ থানা এলাকায় তার ব্যবহৃত মুঠোফোন পাওয়া গেছে বলে জানিয়েছে পরিবার।
নিখোঁজ কামাল হোসেন সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নের কাশীপুর গ্রামের ফেঞ্জু ব্যাপারী বাড়ির মো. রুহুল আমিনের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি।
পরিবার সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাশীপুর এলাকায় নিজ বাড়ির পাশ থেকে কামাল নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু ১৬ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের দাবি, কামাল নিখোঁজ হওয়ার পরদিন ১ সেপ্টেম্বর ঢাকার শাহবাগ থানা এলাকায় তার ব্যবহৃত মুঠোফোনটি পাওয়া যায়। এতে তার পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।
এ ঘটনায় কামালের ভাই শাকিব সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ কামাল হোসেনের সন্ধান পেলে তার ভাই শাকিবের সঙ্গে ০১৬৪০৭২৯১২১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, এ বিষয়ে খোঁজখবর নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

