জামায়াত প্রার্থীকে সুযোগ দিয়ে ভোটের মাঠ ছাড়লেন জোটের প্রার্থী

ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ১০ দলীয় জোটে থাকা বাংলাদেশ লিবারেল পার্টির (এলডিপি) প্রার্থী মো. মোকফার উদ্দিন চৌধুরী।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে ভোলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এলডিপির ভোলা জেলার সভাপতি মো. বশির আহমেদ এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে মো. বশির আহমেদ বলেন, ভোলা-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা ফজলুল করিম র্দীঘদিন ধরে নিষ্ঠা, সততা ও ত্যাগের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তার এই নিরলস প্রচেষ্টা ও জনগণের প্রতি দায়বদ্ধতাকে সম্মান জানিয়ে জামায়াত সমর্থিত ১০ দলীয় জোটের ঐক্য অটুট রাখার লক্ষ্যে মো. মোকফার উদ্দিন চৌধুরী স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিন্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, এলডিপির প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী জোটের ঐক্য, সৌহার্দ্য ও বৃহত্তর রাজনৈতিক স্বার্থ বিবেচনায় নিয়ে জামায়াতে ইসলামীর মাওলানা মুফতি ফজলুল করিমকে সমর্থনের ঘোষণা দিয়েছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভোলা জেলার সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. জাকীর হোসেন।
জানা গেছে, গত ১৫ জানুয়ারি ১০ দলীয় জোটের আসন বণ্টনের তালিকায় এলডিপির জন্য রাখা ৭টি আসনের একটি ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান)। এ আসন থেকে এলডিপির পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন মোকফার উদ্দিন চৌধুরী। এ ঘোষণার পর থেকে তিনি নির্বাচনি কর্মকাণ্ডে আগের চেয়ে সরব হন। তবে এলডিপির চেয়ে সাংগঠনিক ও জনপ্রিয়তায় এগিয়ে থাকা জামায়াতে ইসলামীর প্রার্থীকে বাদ রাখার ঘোষণা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। মানুষের মুখে মুখে এমনকি সামাজাকি যোগাযোগমাধ্যমেও বিরুপ প্রচার-প্রচারণা দেখা গেছে।
উল্লেখ্য, ভোলা-২ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলে এলডিপির প্রার্থী নির্বাচন থেকে সরে যাওয়ায় এখন ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরা হলেন—বিএনপির প্রার্থী মো. হাফিজ ইব্রাহীম, জামায়াতে ইসলামীর মো. ফজলুল করিম, জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম রিন্টু, স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন খন্দকার, মহিবুল্লাহ খোকন ও আমজনতার দলের প্রার্থী মো. আলাউদ্দিন।