logo
Advertisement

বাগেরহাটে বাসচাপায় অটোরিকশা চালক নিহত

এশিয়া পোস্ট নিউজ, বাগেরহাট
বাগেরহাটে বাসচাপায় অটোরিকশা চালক নিহত
দুর্ঘটনার খবর পেয়ে নিহতের স্বজনরা শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় করেন। ছবি: এশিয়া পোস্ট

বাগেরহাটের শরণখোলায় হামিম পরিবহনের একটি বাসের চাপায় আবু হানিফা নামে এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। গুরুতর অবস্থায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।

Advertisement

আজ রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু হানিফা (৭০) উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের মৃত নুরুল ব্যাপারীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় হামিম পরিবহনের বাসটি পার্কিং করার সময় হঠাৎ ব্রেক ফেল করে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি অটোরিকশাসহ কয়েকটি যানবাহনকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশা চালক আবু হানিফাসহ পাঁচজন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু হানিফাকে মৃত ঘোষণা করেন। আহত অন্য চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় খুলনা পাঠানো হয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। বাসের ব্রেকজনিত ত্রুটি ছিল নাকি চালকের অবহেলা—তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় বাসটি জব্দসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।