কুমিল্লায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লায় পৃথক দুটি অভিযানে ৯৮ লাখ টাকার ভারতীয় বাজি, ফুচকা ও বাসমতি চাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ৪০ লাখ টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়। একই দিন সীমান্তবর্তী পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরও প্রায় ৫৮ লাখ টাকার বাজি জব্দ করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনের অংশ হিসেবে বৃহস্পতিবার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালমান ফার্সি এবং ১০ বিজিবির অ্যাডজুট্যান্টের নেতৃত্বে বিজিবি সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়।
পরে ওইদিন বিকেলে ৩টা ৪০ মিনিটে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলাধীন রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়। এ সময় ৪০ লাখ চার হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় বাজি, ফুচকা ও বাসমতি চাল জব্দ করা হয়।
একই দিন সন্ধ্যা ৬টায় বিজিবির বিশেষ টহল দল পালপাড়া এলাকায় পৃথক অভিযান চালায়। এ সময় ৫৭ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকা মূল্যের বাজি জব্দ করা হয়। দুটি অভিযানে মোট ৯৮ লাখ চার হাজার ১৫০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।