বেইলি ব্রিজে নেই রেলিং, ঝুঁকিতে হাজারো পথচারী

ফরিদপুর শহরের আলিমুজ্জামান বেইলি ব্রিজ বর্তমানে পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ব্রিজটির দুই পাশে নিরাপত্তা রেলিং না থাকায় প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
সরেজমিনে দেখা গেছে, ব্রিজটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, ব্যবসায়ীসহ বিভিন্ন বয়সী মানুষ চলাচল করেন। কিন্তু ব্রিজের দুই পাশে রেলিং না থাকায় সামান্য অসাবধানতায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের জন্য পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ।
স্থানীয়রা জানান, ব্রিজটির নিচে পানির পাশাপাশি ময়লা-আবর্জনা ও জলজ উদ্ভিদ জমে আছে। ফলে কেউ নিচে পড়ে গেলে গুরুতর দুর্ঘটনা ঘটতে পারে। এ ছাড়া ব্রিজটি বেশ সরু হওয়ায় অনেক সময় পথচারীদের একে অপরকে পাশ কাটিয়ে যেতে হয়, যা ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু বলেন, বহু বছর ধরে এলাকার মানুষ আশা করেছিলেন ব্রিজটি নতুন করে নির্মাণ করা হবে। তা না হয়ে পুরোনো কাঠামো জোড়াতালি দিয়ে ব্যবহার করা হচ্ছে। এখন আবার নিরাপত্তা রেলিংও দেওয়া হয়নি। এতে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে সমস্যা হচ্ছে। দ্রুত রেলিং নির্মাণের দাবি জানান তিনি।
স্থানীয় ব্যবসায়ীরাও জানান, প্রতিদিন বয়স্ক মানুষ, নারী ও শিশুসহ অসংখ্য মানুষ এই ব্রিজ ব্যবহার করেন। কিন্তু রেলিং না থাকায় সবাই আতঙ্কের মধ্যে চলাচল করছেন।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার বলেন, ঈদের আগেই ব্রিজে নিরাপত্তা রেলিং নির্মাণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ইতোমধ্যে কথা হয়েছে।