মামিকে হত্যা করে লাশের পাশে অস্ত্র নিয়ে অবস্থান

মানিকগঞ্জে সাথী আক্তার (২৮) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার ভাগিনার বিরুদ্ধে। হত্যার পর মরদেহের পাশে ধারালো অস্ত্র নিয়ে অবস্থান করেন অভিযুক্ত রিপন মিয়া।
রোববার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কাটিগ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাথী আক্তার (২৮) উপজেলার কাটিগ্রাম এলাকার প্রবাসী শুকুর আলীর স্ত্রী। অভিযুক্ত রিপন মিয়া (১৯) শুকুর আলীর ভাগিনা। তিনি একই এলাকার আতাউর রহমান আতার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাড়িতে সাথী আক্তারের সঙ্গে রিপন মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রিপন ধারালো অস্ত্র দিয়ে সাথী আক্তারের গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।
খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। রাত ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের মরদেহের পাশে ধারালো অস্ত্র নিয়ে একই কক্ষে দরজা বন্ধ করে অবস্থান করছেন অভিযুক্ত রিপন মিয়া।
বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন। তিনি জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। একই সঙ্গে অভিযুক্ত রিপন মিয়াকে আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
