মিয়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ আটক ৩৩

সাগরপথে মিয়ানমারে পাচারকালে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট ও তিনটি ট্রলারসহ ৩৩ জনকে আটক করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড।
রোববার (১৭ মে) বেলা ১১টার দিকে টেকনাফ শাহপুরী স্টেশনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে কোস্টগার্ড। এর আগে গতকাল শনিবার (১৬ মে) তাদের আটক করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাবির আলম সুমন জানান, সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় শনিবার যৌথ অপারেশন চালায় নৌবাহিনী ও কোস্টগার্ড। অভিযানে সেন্টমার্টিন সমুদ্র এলাকায় সন্দেহজনক তিনটি ট্রলার থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ জন পাচারকারীকে আটক করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় পাচারে ব্যবহৃত দিনটি ট্রলার।
আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা মাছ ধরার তিনটি ট্রলারের মাধ্যমে হাতিয়া ও সন্দ্বীপের বিভিন্ন জায়গা থেকে সিমেন্ট বোঝাই করে মিয়ানমারে সরবরাহের উদ্দেশ্যে রওনা করছিলেন।
লে. কমান্ডার সাবির আলম সুমন বলেন, চোরাচালানের সঙ্গে জড়িত সিন্ডিকেট শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গোয়েন্দা তথ্যের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
তিনি জানান, জব্দ করা সিমেন্ট, পাচারের কাজে ব্যবহৃত তিনটি ট্রলার এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আর পাচার ও চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত রাখবে কোস্টগার্ড।
