স্কুলের পেছনে ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের ‘কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুল’ এর পেছনে গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। দীর্ঘদিন ধরে জমে থাকা পচা বর্জ্যের দুর্গন্ধে পাঠদান ব্যাহতের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, কলারোয়া বলফিল্ডের পাশে অবস্থিত বিদ্যালয়টির দোতলা ভবনের পেছনে পলিথিন, প্লাস্টিক, খাবারের উচ্ছিষ্ট ও কাগজসহ বিভিন্ন ধরনের বর্জ্য স্তূপ করে রাখা হয়েছে। কোথাও কোথাও আবর্জনা পোড়ানোর চিহ্নও রয়েছে। বিদ্যালয়ের জানালার একেবারে পাশেই এসব বর্জ্য জমে থাকায় দুর্গন্ধ ও ধোঁয়া সরাসরি শ্রেণিকক্ষে প্রবেশ করছে, যা শিশুদের পড়াশোনা ও শ্বাস-প্রশ্বাসে চরম অস্বস্তি তৈরি করছে।
স্থানীয় বাসিন্দা জুলফিকার, আরিফ হোসেন ও শরীফ আহমেদ বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পেছনে দীর্ঘদিন ধরে এভাবে ময়লা-আবর্জনা জমে থাকলেও তা অপসারণে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। দ্রুত বর্জ্য অপসারণের পাশাপাশি ভবিষ্যতে সেখানে ময়লা ফেলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু বলেন, ময়লা-আবর্জনার দুর্গন্ধ এবং মশা-মাছির উপদ্রবে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। বিষয়টি সমাধানে পৌর কর্তৃপক্ষের সহযোগিতা চাওয়া হয়েছে।
কলারোয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাস বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
