logo

কক্সবাজারে পর্যটকরা পাবেন ফ্রি ইন্টারনেট

কক্সবাজারে পর্যটকরা পাবেন ফ্রি ইন্টারনেট

কক্সবাজারে পর্যটকদের জন্য ফ্রিতে ইন্টারনেট সেবা চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। এই সেবার আওতায় থাকবে জেলার পর্যটন স্পট, কক্সবাজার আন্তঃনগর ট্রেন এবং বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক সভায় এসব তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। ‘সবার জন্য ইন্টারনেট’ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন।

ফকির মাহবুব বলেন, সরকারের লক্ষ্য দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া। এ লক্ষ্যে পর্যটননির্ভর এলাকা কক্সবাজারের মেরিন ড্রাইভসহ গুরুত্বপূর্ণ স্পটগুলোতে ফ্রি ইন্টারনেট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারগুলোর নিরাপত্তা জোরদারে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সংযোগ চালুর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এতে সমুদ্রে অবস্থানরত জেলেরা যোগাযোগ ও নিরাপত্তার ক্ষেত্রে সুবিধা পাবেন।

মন্ত্রী জানান, ইতোমধ্যে দেশের চারটি বিমানবন্দরকে ফ্রি ওয়াইফাই জোনের আওতায় আনা হয়েছে। পর্যটক এক্সপ্রেস এবং কক্সবাজার এক্সপ্রেসসহ চারটি আন্তঃনগর ট্রেনে ফ্রি ইন্টারনেট সেবা চালু রয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এবং কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বক্তব্য দেন।

সভায় নিরাপদ ইন্টারনেট ব্যবহার, সাইবার নিরাপত্তা এবং শিক্ষায় প্রযুক্তির সুফল তুলে ধরার পাশাপাশি প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট সহজলভ্য করার বিষয়েও আলোচনা হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

পরে মন্ত্রী কক্সবাজার আইকনিক রেলস্টেশনে যাত্রীদের জন্য ফ্রি ইন্টারনেট সেবা উদ্বোধন করেন এবং সাবমেরিন ক্যাবল স্টেশন পরিদর্শন করেন।