logo

চট্টগ্রামে বিএনপি কর্মীর বাড়িতে দলীয় প্রতিপক্ষের গুলি

চট্টগ্রামে বিএনপি কর্মীর বাড়িতে দলীয় প্রতিপক্ষের গুলি

চট্টগ্রামের রাউজানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রুস্তম আলী নামের এক বিএনপি কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে।বিএনপির দুটি গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) কদলপুর ইউনিয়নের সমশেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে রায়হান ও আলম গ্রুপের সদস্যদের মধ্যে এ ঘটনা ঘটে। রুস্তম আলী নামে যে কর্মীর বাড়িতে হামলা চালানো হয়েছে তিনি রায়হান গ্রুপের সদস্য। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ ধরে দফায় দফায় গোলাগুলি চলে। এ সময় তারা অন্তত ১০০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় ত্রাসের সৃষ্টি করে। এক পর্যায়ে তারা বিএনপিকর্মী রুস্তম আলীর বসতঘর ভাঙচুর করে। পরে তারা পাশের পাহাড়ি এলাকার দিকে পালিয়ে যায়।

ঘটনাস্থলটি সুন্নি ঐক্যজোট মনোনীত ও ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ইলিয়াস নুরীর বাড়ির কাছাকাছি হওয়ায় সাধারণ ভোটার ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক আরও ঘনীভূত হয়েছে। নির্বাচনের মাত্র এক দিন আগে এমন প্রকাশ্য অস্ত্রবাজিতে জনমনে নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজনের হাতে ভারি আগ্নেয়াস্ত্র রয়েছে।

ইলিয়াস নুরীর অনুসারী রবিউল হোসেন এশিয়া পোস্টকে বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা সুনির্দিষ্টভাবে জানি না, তবে মানুষ খুবই আতঙ্কিত। প্রশাসন আসায় মানুষ কিছুটা আশ্বস্ত হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী ও রাউজান থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি মোহাম্মদ বেলায়েত হোসেন এশিয়া পোস্টকে বলেন, গোলাগুলির খবর পেয়ে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। সন্ত্রাসীরা পাহাড়ের দিকে পালিয়ে গেছে।