logo

আওয়ামী লীগ আমলের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

আওয়ামী লীগ আমলের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

লালমনিরহাটে রাজনৈতিক সহিংসতার ঘটনায় আওয়ামী লীগ আমলে দায়ের করা তিনটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম পৌর শাখার আমির সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ২টা ৪০ মিনিটে উপজেলার ব্র্যাক কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালে বিএনপি-জামায়াত জোটের কর্মসূচি চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সহিংসতায় জামায়াত-শিবিরের দুজন, বিএনপির একজন ও আওয়ামী লীগের একজন কর্মী নিহত হন। সেসময় আওয়ামী লীগের দায়ের করা একটি মামলা ও জামায়াত-শিবির কর্মী নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে করা অপর দুটি হত্যা মামলায় সোহেল রানাকে আসামি করা হয়।

দীর্ঘদিন এসব মামলায় পরোয়ানা জারি থাকার পর মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পাটগ্রাম থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে কড়া পুলিশি প্রহরায় তাকে লালমনিরহাট বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি মনোয়ার হোসেন লিটন বলেন, ‘রাজনৈতিক সহিংসতার ঘটনায় দায়ের করা তিনটি মামলায় ওয়ারেন্ট থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আমরা থানার ওসিকে বলেছি নতুন করে অন্য কোনো মামলায় যেন তাকে গ্রেপ্তার দেখানো না হয়। তাকে জামিনে মুক্ত করতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, তিনটি হত্যা মামলায় লালমনিরহাট বিজ্ঞ আদালতের পরোয়ানা থাকায় সোহেল রানাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।