চলন্ত বাসে শিশুর জন্ম, আজীবন বিনামূল্যে ভ্রমণের সুযোগ

ঢাকা থেকে লালমনিরহাটের বুড়িমারীগামী ‘আনাস এন্টারপ্রাইজ’-এর একটি চলন্ত বাসে এক ছেলেসন্তানের জন্ম দিয়েছেন আবিদা বেগম (২৮) নামের এক নারী। বাসের নামের সঙ্গে মিলিয়ে নবজাতকের নাম রাখা হয়েছে ‘আনাস হাসান’। এ ছাড়া বাস কর্তৃপক্ষ শিশুটির জন্য আজীবন এবং শিশুটি বড় না হওয়া পর্যন্ত তার মায়ের জন্য বিনামূল্যে যাতায়াতের ঘোষণা দিয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধায় প্রসূতির বাড়ি গিয়ে উপহারসামগ্রী পৌঁছে দেন বাসের সুপারভাইজার মজনু মিয়া। এর আগে গত শনিবার ভোররাতে রংপুরের মিঠাপুকুর এলাকায় বাসের ভেতর সন্তান প্রসবের ঘটনাটি ঘটে।
স্বজনরা জানান, অন্তঃসত্ত্বা আবিদা বেগমকে নিয়ে তার পরিবার ঢাকা থেকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামের দিকে রওনা হয়। টিকিট কাটার সময় চিকিৎসকরা জানিয়েছিলেন সন্তান প্রসবের আরও ২০ দিন বাকি। কিন্তু বাসটি রংপুরের মিঠাপুকুর এলাকায় পৌঁছালে ভোররাত ৩টার দিকে তার প্রসব বেদনা ওঠে। বাসে থাকা এক অভিজ্ঞ ধাত্রীর সহায়তায় গাড়ি থামিয়ে নিরাপদে সন্তান প্রসব করানো হয়। জন্মের পর মা ও শিশু দুজনেই সুস্থ থাকায় বাসের সুপারভাইজার অন্য যাত্রীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।
ঘটনাটি জানতে পেরে ‘আনাস এন্টারপ্রাইজ’-এর মালিক আলহাজ দিপু শিশুটি ও তার পরিবারের জন্য বিশেষ উপহার পাঠানোর ব্যবস্থা করেন। বুধবার দুপুরে বাসের সুপারভাইজার মজনু মিয়া হাতীবান্ধায় প্রসূতির বাড়ি গিয়ে নবজাতকের জন্য উপহারসামগ্রী (দোলনা, বেবি বেড, মশারি ও প্রসাধনী) পৌঁছে দেন।
সুপারভাইজার মজনু মিয়া বলেন, ঘটনাটি ঘটে ভোররাতে। মা ও শিশু দুজনেই সুস্থ ছিল। তাৎক্ষণিক বিষয়টি আমাদের মালিককে জানানো হলে তিনি অত্যন্ত খুশি হন। তিনি শিশুটির জন্য আজীবন এবং শিশুটি বড় না হওয়া পর্যন্ত তার মায়ের ফ্রিতে বাসে যাতায়াতের ঘোষণা দেন।
প্রসূতির বাবা আবেদ আলী জানান, চিকিৎসকের হিসাব অনুযায়ী আরও ২০ দিন সময় বাকি ছিল। তাই মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলাম। আল্লাহর অশেষ রহমতে বাসের ভেতরই নাতির জন্ম হয়েছে। মা ও ছেলে দুজনই এখন সম্পূর্ণ সুস্থ। বাসে জন্ম নেওয়াতেই আমরা ভালোবেসে ওর নাম রেখেছি আনাস হাসান।
ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজল রহমান খোকন জানান, তিনি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বিষয়টি জেনেছেন। বর্তমানে প্রসূতি ও নবজাতক আনাস হাসান দুজনই সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

