logo

এক ঘুষিতে অটোরিকশা চালকের মৃত্যু

এক ঘুষিতে অটোরিকশা চালকের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে আবুল বাশার নামে ব্যাক্তির এক ঘুষিতে বিল্লাল হোসেন (৫০) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত অটোরিকশা চালক বিল্লাল হোসেন উপজেলার ইছাপুর গ্রামের আলমগীর ভেন্ডার বাড়ির মৃত সোনা মিয়ার ছেলে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয় বাসিন্দা কামাল ভেন্ডার ও সাদ্দাম হোসেন জানান, বিল্লাল হোসেন ও আবুল বাশার প্রতিবেশী। তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। বৃহস্পতিবার (১২ মার্চ) এ বিষয়ে থানায় অভিযোগ করেন আবুল বাশার। শুক্রবার বিকেলে ইছাপুরা গ্রামের রমজান আলী লিটনের দোকানের সামনে এ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। আবুল বাশার একপর্যায়ে বিল্লাল হোসেনকে পেছন দিক থেকে ঘাড়ে ঘুষি মারেন। এতে বিল্লাল মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা বিল্লাল হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ফরিদগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত আবুল বাশার এলাকা ছেড়ে পালিয়ে যান। তাকে আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে জানা গেছে, কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে বিল্লাল হোসেনকে একটি ঘুষি মারেন আবুল বাশার। এতে তিনি মাটিতে পড়ে যান এবং পরে তার মৃত্যু হয়।

ওসি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।