১৪ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

কুমিল্লার নাঙ্গলকোটে ১৪ বছরের কারাদণ্ড এড়াতে দীর্ঘ ২০ বছর পলাতক থাকার পর মো. হুমায়ূন কবির (৫২) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফেনীর পরশুরাম উপজেলার টেটেশ্বর বাজার থেকে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। হুমায়ূন কবির নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বড়া ফুলগাঁও গ্রামের মরহুম আনু মিয়ার ছেলে।
নাঙ্গলকোট থানার উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) শাহাদাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেনের নেতৃত্বে পরশুরাম থানা-পুলিশের সহযোগিতায় টেটেশ্বর বাজারে অভিযান চালানো হয়। এ সময় হুমায়ূন কবিরকে গ্রেপ্তার করে নাঙ্গলকোট থানায় নিয়ে আসা হয়।
তিনি বলেন, হুমায়ূন কবিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। দণ্ডবিধির ৩০৭ ও ৩২৬ ধারায় দায়ের করা দুটি মামলায় তিনি ১৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত। ওই সাজা এড়াতে তিনি দীর্ঘ ২০ বছর ধরে বিভিন্ন স্থানে পলাতক ছিলেন।