ভারতে পাচারের সময় কিশোরী উদ্ধার, পাচারকারী আটক

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় এক কিশোরীকে উদ্ধার করেছে বিজিবি। এ সময় সিলভার চাকমা নামে এক পাচারকারীকে আটক করা হয়।
শনিবার (৬ জুন) নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃত সিলভার চাকমা উপজেলার ভরতপুর গ্রামের বাসিন্দা মৃত এনফন্ট নকরেটের ছেলে। উদ্ধার হওয়া কিশোরী রাত্রি সরকার (১৪) উপজেলার বরইগঞ্জ এলাকার বাসিন্দা।
স্থানীয় লোকজন ও বিজিবির সঙ্গে কথা বলে জানা গেছে, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা চলছে। এই প্রেক্ষাপটে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। নেত্রকোনা ব্যাটালিয়নের ভবানীপুর বিওপির একটি টহল দল সীমান্তের মেইন পিলার ১১৫৬/৮-এস এর নিকটবর্তী ফারংপাড়া গ্রামের বটতলা এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তি বাংলাদেশ থেকে এক কিশোরীকে ভারতে পাচারের চেষ্টা করছিলেন।
বিজয়পুর বিওপির সুবেদার মো. নুরুল ইসলাম জানান, রাত্রি সরকারের অধিকাংশ আত্মীয়-স্বজন ভারতে বসবাস করেন। তাদের কাছে যেতে তিনি সিলভার চাকমার সহায়তা নেন। এ সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিজিবির টহল দল তাদের আটক করে। আটক ব্যক্তি ও উদ্ধার হওয়া কিশোরীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানিয়েছেন, আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি সদস্য বাদী হয়ে মামলা করছেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
