নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে মিলল বৃদ্ধের মরদেহ

সাতক্ষীরার শ্যামনগরে চার দিন ধরে নিখোঁজ থাকা মনোরঞ্জন মণ্ডল (৫৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার শৈলখালী এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ শনাক্ত করেন স্থানীয়রা। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
মনোরঞ্জন মণ্ডল কৈখালী ইউনিয়নের যাদবপুর গ্রামের দিগম্বর মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্র জানায়, চার দিন আগে ধানক্ষেতে কীটনাশক প্রয়োগ করতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
সোমবার সকালে শৈলখালীর একটি ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে পরিবারের লোকজন গিয়ে মরদেহটি মনোরঞ্জন মণ্ডলের বলে শনাক্ত করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
