logo
Advertisement

নোয়াখালীতে ছাত্রদলের মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা

এশিয়া পোস্ট নিউজ, নোয়াখালী
নোয়াখালীতে ছাত্রদলের মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা
ছবি: এশিয়া পোস্ট

নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা ও ৫টি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত দুজন গুরুতর আহত হয়েছেন। পরবর্তীতে এর জের ধরে স্থানীয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা একটি ব্যক্তিগত কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়

Advertisement

শনিবার (৬ জুন) সন্ধ্যার দিকে উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম শুল্লুকিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর প্রতিবাদে শনিবার বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহানের নেতৃত্বে সেখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদল।

কর্মসূচি শেষে ছাত্রদলের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে ফেরার পথে কালাদরাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বে তার বাড়ি থেকে অতর্কিত হামলা চালানো হয়। হামলায় নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. হৃদয় এবং এওজবালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিএনপি কর্মী রফিকুল ইসলাম গুরুতর আহত হন।

আহতদের মধ্যে রফিকুল ইসলামের অবস্থার অবনতি হলে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এদিকে হামলার ঘটনার পর রাত পৌনে ৮টার দিকে স্থানীয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা একত্রিত হয়ে ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমের একটি ব্যক্তিগত কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তদন্ত সাপেক্ষে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।