logo

খাবার গলায় আটকে কারাগারে হাজতির মৃত্যু

খাবার গলায় আটকে কারাগারে হাজতির মৃত্যু
বাগেরহাট জেলা কারাগার। ছবি: এশিয়া পোস্ট

বাগেরহাট জেলা কারাগারে খাবার গলায় আটকে চাঁন মিয়া ফকির (৪৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত চাঁন মিয়া ফকির বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের মৃত হেলাল উদ্দিন ফকিরের ছেলে। তিনি বাগেরহাট জেলা কারাগারে হাজতি নম্বর ৪২৪১/২৬ হিসেবে বন্দি ছিলেন। তার বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি মামলা রয়েছে।

কারাগার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে খাবার খাওয়ার সময় চাঁন মিয়ার খাদ্যনালিতে খাবার আটকে যায়। বিষয়টি টের পেয়ে কারারক্ষীরা তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেন, কারাগার থেকে অসুস্থ অবস্থায় এক হাজতিকে হাসপাতালে আনা হয়েছিল। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। নিয়ম অনুযায়ী আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মো. মোস্তফা কামাল জানান, সকালে খাবার খাওয়ার সময় ওই হাজতির গলায় খাবার আটকে যায়। কারারক্ষীরা দ্রুত তাকে বাগেরহাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।