logo
Advertisement

ছাত্রদল নেতার বাসা থেকে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
চট্টগ্রাম, চট্টগ্রাম
ছাত্রদল নেতার বাসা থেকে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার
চট্টগ্রাম মহানগরের বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু শাকিল সাগর। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রাম মহানগরের বন্দর থানা এলাকায় আবু শাকিল সাগর নামে এক ছাত্রদল নেতার বাসায় অভিযান চালিয়ে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ছাত্রদল নেতাকে পালিয়ে গেলেও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ ও গণমাধ্যম) আমিনুর রশীদ এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—পুষ্পেন ব্যানার্জি ও শামসুল ইসলাম। এছাড়া পালিয়ে যাওয়া আবু শাকিল সাগর বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি বন্দর থানার মধ্যম গোসাইলডাঙ্গা কে. বি দোভাষ লেন সিদ্দিক ড্রাইভারের বাড়ির স্থায়ী বাসিন্দা। এ ঘটনার পর সাগরকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।

আমিনুর রশীদ বলেন, ডিবি সদস্যরা ক্রেতা সেজে বিদেশি মদ কিনতে চাইলে গ্রেপ্তার দুজন তাদেরকে আবু শাকিল সাগরের বাসায় নিয়ে যায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সাগর পালিয়ে গেলেও তার ঘর তল্লাশি করে ৭০ বোতল বিদেশি মদ পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ আবু শাকিল সাগর ২০২৪ সালের ৫ আগস্টের পর নিজ এলাকায় মামলা বাণিজ্য শুরু করেন। নির্মাণাধীন ভবনে চাঁদাবাজি এবং চাঁদা না পেলে মামলায় ফাঁসানোর ভয়ভীতি দেখানোর একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।