বঙ্গোপসাগরে ধরা পড়ল ২২ কেজির ধাতিনা ভোল, সাড়ে তিন লাখে বিক্রি

বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের বিরল প্রজাতির একটি ধাতিনা ভোল মাছ। মাছটি বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে ৩ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এতে প্রতি কেজি মাছের দাম পড়েছে প্রায় ১৬ হাজার ১৩৬ টাকা।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের এক আড়তে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছটি কেনেন ব্যবসায়ী হারুন মীর।
এর আগে গত মঙ্গলবার (১১ আগস্ট) বঙ্গোপসাগরে বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের জেলে ইলিয়াছ হোসেনের মালিকানাধীন ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারের জালে মাছটি ধরা পড়ে।
ট্রলারমালিক ও মাঝি ইলিয়াছ হোসেন বলেন, সাগরের আবহাওয়া খারাপ থাকায় ইলিশ তেমন পাচ্ছিলাম না। তাই বাড়ি ফেরার আগে শেষ মুহূর্তে জাল ফেলতেই রাতে ধাতিনা ভোল মাছটি উঠে আসে। এত দামি মাছ পেয়ে আমাদের লোকসান কেটে লাভ হয়েছে।
মাছটির ক্রেতা ব্যবসায়ী হারুন মীর বলেন, মাছটি ৩ লাখ ৫৫ হাজার টাকায় কিনেছি। এটি বরফজাত করে চট্টগ্রামের বড় মোকামে পাঠানো হবে।
মৎস্য ব্যবসায়ীরা জানান, ধাতিনা ভোল মাছের পটকার (বায়ুথলি) আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে চীন ও থাইল্যান্ডসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে এর পটকা উচ্চমূল্যে বিক্রি হয়। এটি ওষুধ তৈরি, বিশেষ ধরনের প্রসাধনী এবং চিকিৎসাক্ষেত্রে ব্যবহৃত দ্রবণীয় সার্জিক্যাল সুতা তৈরির অন্যতম কাঁচামাল।
উপকূলীয় মৎস্য সমবায় সমিতির সভাপতি ইদ্রিস আলী বলেন, সাগরে ক্ষতিকর ছোট ফাঁসের জালের কারণে বড় মাছ সচরাচর পাওয়া যায় না। দীর্ঘ দিন পর সাড়ে তিন লাখ টাকার এমন বড় ধাতিনা ভোল ধরা পড়ায় স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে উদ্দীপনা দেখা দিয়েছে।
এদিকে বিরল ও দামি মাছটি একনজর দেখতে সকালে মৎস্য অবতরণ কেন্দ্রে স্থানীয় উৎসুক মানুষের ভিড় জমে।
.png)


