এক দিনে মনপুরার তিন শিশু নিখোঁজ

ভোলার মনপুরায় এক দিনে তিন শিশুর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে পুরো উপজেলায় চরম চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ শিশুদের মধ্যে দুজন উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার কলেজ মাঠ এলাকা থেকে এবং অপরজন ঢাকার যাত্রাবাড়ীর একটি মাদ্রাসা থেকে নিখোঁজ হয়েছে বলে স্বজনরা নিশ্চিত করেছেন।
নিখোঁজ তিন শিশু হলো—উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নাজিমুদ্দিন মঞ্জুর ছেলে মো. জুনায়েদ (১২), একই এলাকার মো. নাজিমুদ্দিনের ছেলে আরাফাত (১২) এবং ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কামালের ছেলে হাবিবুর রহমান (১৩)।
পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার বাংলাবাজার কলেজ মাঠে খেলতে যায় সমবয়সী জুনায়েদ ও আরাফাত। খেলা শেষ হওয়ার পর সন্ধ্যা গড়িয়ে গেলেও তারা আর বাড়িতে ফেরেনি। এরপর পরিবারের সদস্যরা আত্নীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি।
নিখোঁজ জুনায়েদের বাবা মো. নাজিমুদ্দিন মঞ্জু বলেন, গতকাল আমার ছেলে জুনায়েদ ও তার খেলার সাথী আরাফাত বাংলাবাজার কলেজ মাঠে খেলতে যায়। এরপর থেকে তারা আর বাসায় ফেরেনি। গতকাল থেকে বিভিন্ন জায়গায় খোঁজ করা সত্ত্বেও কোথাও তাদের সন্ধান মেলাতে পারিনি।
অন্যদিকে, ঢাকার মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়া হাবিবুর রহমানের বাবা মো. কামাল জানান, তার ছেলে ঢাকার যাত্রাবাড়ীর মুরাদপুর ‘মাদরাসাতুল দারুল কুরআন’-এ পড়াশোনা করে। গতকাল শুক্রবার রাতে মাগরিবের নামাজ পড়ার উদ্দেশ্যে বের হওয়ার পর সে আর মাদ্রাসায় ফিরে আসেনি।
তিনি বলেন, মাগরিবের নামাজ পড়তে যাওয়ার পর থেকে আমার ছেলে আর মাদ্রাসায় ফেরেনি। পরিচিত ও সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আমরা খুবই উদ্বিগ্ন ও শঙ্কিত। কেউ যদি তার সন্ধান পেয়ে আমাদের জানান, তবে পরিবারের ওপর বড় উপকার হবে।
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, শিশু নিখোঁজের বিষয়ে এখনো কোনো অভিভাবক থানায় লিখিত বা মৌখিকভাবে জানাননি। তবে বিষয়টি আমরা গুরুত্বের সাথে খোঁজ নিয়ে দেখছি।


