logo
Advertisement

শরীয়তপুরে চুরির চেইন-আংটিসহ গ্রেপ্তার ৬

এশিয়া পোস্ট নিউজ,শরীয়তপুর
শরীয়তপুরে চুরির চেইন-আংটিসহ গ্রেপ্তার ৬
চুরির ঘটনায় উদ্ধার করা প্রায় ৮ ভরি স্বর্ণালংকার ও গ্রেপ্তার হওয়া ৬ আসামি। ছবি : এশিয়া পোস্ট

শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের গয়ঘর খলিফাকান্দি এলাকায় স্বর্ণালংকার চুরির ঘটনায় চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পালং মডেল থানা-পুলিশ। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া ৭ ভরি ১৫ আনা স্বর্ণালংকার উদ্ধার এবং চোরাই সোনা কেনার অভিযোগে এক জুয়েলারি দোকানদারকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পালং মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম।

গ্রেপ্তাররা হলেন—নড়িয়া উপজেলার বিল দেওয়ানিয়া এলাকার আতাহার মাদবর (৩৬), পালং মডেল থানার গয়ঘর খলিফাকান্দি এলাকার সুমন সরদার (৩০), মো. রুবেল বেপারী (৩০), মো. সাগর খলিফা (২৯), শিপলু খান (৪৫) এবং জুয়েলারি দোকানদার সুমন পাল (৩২)।

পুলিশ জানায়, গত ২২ আগস্ট বিকেলে মামলার বাদী মিজান শেখ (৩৬) তার অসুস্থ মাকে চিকিৎসার জন্য নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। এই সুযোগে পরদিন ২৩ আগস্ট (রোববার) দিনগত রাত আনুমানিক ২টার দিকে চোরচক্রের সদস্যরা গয়ঘর খলিফাকান্দি এলাকায় তার ঘরের দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে।

এরপর ঘরের একটি ট্রাঙ্কের তালা ভেঙে নগদ ৩৪ হাজার ৫০০ টাকা এবং গলার হার, চেইন, কানের দুল, হাতের বালা ও চুড়িসহ প্রায় ১৫ লাখ ১৪ হাজার ৫০০ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় ২৭ আগস্ট মিজান শেখ বাদী হয়ে পালং মডেল থানায় একটি চুরির মামলা করেন।

মামলা দায়েরের পর তদন্তে নামে পালং মডেল থানার একটি চৌকস দল। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরচক্রের সদস্যদের শনাক্ত করে ২৮ আগস্ট (শুক্রবার) শৌলপাড়া এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ২ সেপ্টেম্বর (বুধবার) ভোরে শৌলপাড়া বাজারের একটি স্বর্ণের দোকান ও এক ব্যক্তির বাসায় অভিযান চালিয়ে চুরি হওয়া স্বর্ণালংকারের একটি অংশ উদ্ধার করে পুলিশ।

তা ছাড়া চোরাই স্বর্ণালংকার কেনার অভিযোগে গঙ্গানগর স্বর্ণকার পট্টির ‘মা জুয়েলার্স’ এবং এর মালিক সুমন পালের বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে বিভিন্ন ধরনের স্বর্ণালংকারসহ মোট ৭ ভরি ১৫ আনা সোনা উদ্ধার এবং চোরাই মালামাল কেনার দায়ে সুমন পালকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার হওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে—একটি বড় চেইন, তিনটি মাঝারি চেইন, ছোট-বড় সাতটি আংটি, সাত জোড়া কানের দুল, একটি ব্রেসলেট, একটি গলার নেকলেস, একটি লকেট এবং ছোট-বড় তিনটি গলানো সোনার টুকরো।

পালং মডেল থানার ওসি মো. শাহ আলম জানান, চুরির মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৮ আগস্ট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী ২ সেপ্টেম্বর ভোরে অভিযান চালিয়ে ৭ ভরি ১৫ আনা স্বর্ণালংকার উদ্ধার এবং সংশ্লিষ্ট দোকানদারকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগেও চুরি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। চোরচক্রের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না এবং চুরি হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় :