নড়াইলে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়ায় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ইসলাম শেখ নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের কবরস্থানের পাশে এই হামলার ঘটনা ঘটে।
নিহত ইসলাম শেখ ওই গ্রামের মৃত বজলু শেখের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রঘুনাথপুর গ্রামে শালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজার রহমান এবং টিপু সুলতানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে একাধিকবার উত্তেজনা ও সংঘর্ষ হয়।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে ইসলাম শেখ লাহুড়িয়া বাজার থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করে ভ্যানে বাড়ি ফিরছিলেন। পথে রঘুনাথপুর গ্রামের কবরস্থানের পাশে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


