চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল ছিনতাই, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩

সড়ক নির্মাণকাজ চালিয়ে যেতে হলে দিতে হবে তিন লাখ টাকা। দাবিকৃত চাঁদা না পেয়ে এক ঠিকাদারকে মারধর করে তার মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বরিশালের বাবুগঞ্জে বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ওই বিএনপি নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।
রোববার (৯ নভেম্বর) ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব মোল্লা (৪৫), তার ছেলে মো. মুবিন মোল্লা (২২) ও সহযোগী মো. সাকিব হাওলাদার (৩৫)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ঠিকাদার মো. রুস্তম হাওলাদার (৪৮) মাধবপাশা ইউনিয়নের বাইপাস-হাদিবাসকাঠী সড়কের ২ হাজার ৬০০ মিটার পিচঢালাই নির্মাণকাজে সাবঠিকাদার হিসেবে নিয়োজিত রয়েছেন। গত শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় যাওয়ার পথে অভিযুক্ত ব্যক্তিরা তার নির্মাণকাজে বাধা দেন। এ সময় কাজ চালিয়ে যেতে হলে তিন লাখ টাকা দিতে হবে বলে দাবি করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে রুস্তম হাওলাদারকে গালাগাল ও হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয়। এ সময় তার ছেলেসহ সঙ্গে থাকা অন্যদেরও মারধর ও ভয়ভীতি দেখানো হয়। পরে তার প্রায় ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি ডিসকভার মোটরসাইকেল নিয়ে যান অভিযুক্ত ব্যক্তিরা। এ ঘটনায় রোববার মাহবুব মোল্লাসহ চারজনের নাম উল্লেখ করে এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ করেন রুস্তম হাওলাদার। পরে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
ভুক্তভোগী রুস্তম হাওলাদার বলেন, বিএনপির ওয়ার্ড সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় লোকজন দিয়ে তাকে মারধর করানো হয় এবং তার মোটরসাইকেল নিয়ে যাওয়া হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
অভিযুক্ত মাহবুব মোল্লা মোটরসাইকেল নিয়ে যাওয়ার কথা স্বীকার করে দাবি করেছেন, রুস্তম হাওলাদারের কাছে তিনি দুই লাখ টাকা পান। ওই সড়কের নির্মাণকাজেও তার অংশীদারত্ব ছিল। পাওনা টাকা দিতে রাজি না হওয়ায় মোটরসাইকেলটি নিজের কাছে রেখেছিলেন। বিষয়টি বিএনপির জ্যেষ্ঠ নেতারা বসে মীমাংসা করে দেবেন বলেও জানিয়েছিলেন তিনি।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, চাঁদার টাকা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

