logo

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু
ছবি : এশিয়া পোস্ট

সিলেটে হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এই নিয়ে বিভাগে ৩১ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ মে) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়, সিলেটের হাম ও রুবেলা রোগ বিষয়ক দৈনিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মৃত তিন শিশুর মধ্যে দুই বছর তিন মাস বয়সি হাফিজা আক্তার কানাইঘাটের নাজিম উদ্দিনের মেয়ে। এক বছর পাঁচ মাস বয়সি রাইসা জান্নাত জগন্নাথপুরের ফতেহপুর গ্রামের বিলাল আহমদের মেয়ে এবং আট মাস বয়সি আরিয়া জান্নাত ছাতকের তোফায়েল আহমদের মেয়ে। রাইসা ও হাফিজা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। আরিয়া জান্নাত সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯২ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৩০ জন ভর্তি হয়েছে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। আর ২৬ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

বাকি ৩৬ জন সিলেটের বিভিন্ন বেসরকারি হাসপাতালে এবং বিভাগের সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৯২ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি আছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৫ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ১৯, হবিগঞ্জ সদর হাসপাতালে ১৫ এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ জন চিকিৎসাধীন। এ ছাড়া বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালেও রোগীরা ভর্তি রয়েছে।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত সিলেট বিভাগে ১৪৭ জনের হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে সবচেয়ে বেশি ৭৩ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া সিলেটে ৪২ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারে ১৬ জন শনাক্ত হয়েছেন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত।