logo

প্রয়োজনে টিকিট দেব, এখনই চলে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

প্রয়োজনে টিকিট দেব, এখনই চলে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী
ময়মনসিংহের নান্দাইলে বিএনপির সমাবেশে বক্তব্য দেন ইয়াসের খান চৌধুরী। ছবি: এশিয়া পোস্ট

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, দুর্নীতি ও লুটপাট করেছে এবং গুম-খুনের সঙ্গে জড়িত, তাদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে।

শেখ হাসিনাকে উদ্দেশ করে প্রতিমন্ত্রী বলেন, আপনারা মানুষ হত্যা করে পালিয়েছেন, এখন শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে হুংকার দিচ্ছেন। কিন্তু বাংলাদেশের জনগণ আপনাদের সেই হুংকার বুঝে গেছে। কাজেই আপনাদের এখন দেশে আসতেই হবে। গোপনে নয়, এখনই চলে আসেন, প্রয়োজনে আমরা টিকিট দিয়ে দেব।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, বিগত বছরগুলোতে যারা দেশের মানুষের ভোটাধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, গুম-খুন এবং জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নারী ও শিশুসহ মানুষের রক্ত ঝরানোর সঙ্গে জড়িত, তাদের কাউকেই বিচারের বাইরে রাখা হবে না। পলাতকদের হ্যান্ডকাফ পরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে কেউ ষড়যন্ত্র বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। সন্দেহজনক কাউকে দেখলে আইন নিজের হাতে তুলে না নিয়ে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।

নান্দাইলের উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নে ইতোমধ্যে ১৮৬টি রাস্তা ইটের সোলিং করা হয়েছে। আরও ১০৪টি রাস্তা ইটের সোলিংয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া সাড়ে ১১ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন রাস্তা সংস্কারের জন্য অনুদান আনা হয়েছে, যা তাঁর দাবি অনুযায়ী ময়মনসিংহের অন্য কোনো উপজেলায় আসেনি।

তিনি জানান, গৃহহীন মানুষের পুনর্বাসনে ইতোমধ্যে ৩৬টি ঘর দেওয়া হয়েছে। চলতি বছরে আরও ১০৪টি ঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জাহাঙ্গীরপুর ও চরবেতাগৈর সেতু নির্মাণ এবং ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণের অনুমোদন প্রক্রিয়া চলছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে জনগণের মতামত ও জরিপের ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দেবে বিএনপি। উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে তিনি স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।

সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, আমি আপনাদের কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও আপনাদের সেবা করে যেতে চাই। উন্নয়নের মাঠে, রাজপথে এবং সব ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব।

নান্দাইলের স্থানীয় চন্ডিপাশা স্কুল মাঠে আয়োজিত সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা যোগ দেন। তাদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়।