মাদারীপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পাঁচ্চর-বাখরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে যাওয়া হানিফ পরিবহনের একটি বাস পাঁচ্চর স্টেশন-বাখরকান্দি এলাকায় পৌঁছালে সেখানে যাত্রী নামাচ্ছিল পালকি পরিবহনের একটি বাস। এ সময় হানিফ পরিবহনের বাসটি পালকি পরিবহনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুই বাসের অন্তত ২৫ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের বিষয়ে তথ্য সংগ্রহ করে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়েতে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
