logo
Advertisement

লবণ ও আলু পরিবহনের আড়ালে মাদক পাচার

এশিয়া পোস্ট নিউজ,ফেনী
লবণ ও আলু পরিবহনের আড়ালে মাদক পাচার
গ্রেপ্তার সিয়াম হোসেন ও সাব্বির। ছবি: এশিয়া পোস্ট

ফেনী সদর থানা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে দুই লক্ষাধিক টাকা মূল্যের ২১ দশমিক ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭। তারা লবণ ও আলু পরিবহনের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক পাচার করে আসছিল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কার্গো ট্রাকের পাশাপাশি ট্রাকে থাকা ১৩ হাজার কেজি লবণ ও ১৫০ কেজি আলু জব্দ করা হয়।

Advertisement

রোববার (৩০ আগস্ট) বিকেলে ফেনী সদর থানাধীন পশ্চিম রামপুর এলাকায় জেলা পুলিশ অফিসার্স মেসের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী রাস্তায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মাগুরা সদর থানার পশ্চিম রামনগর এলাকার মো. রাজ্জাক মোল্লার ছেলে ট্রাকচালক মোঃ সিয়াম হোসেন (২৪) এবং একই এলাকার মৃত করিমের ছেলে হেলপার সাব্বির (১৯)।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, চট্টগ্রাম জেলার বোয়ালখালী থেকে একটি কার্গো ট্রাকে মাদকদ্রব্য নিয়ে ঝিনাইদহ জেলার উদ্দেশ্যে যাওয়া হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ৩০ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে ফেনী সদর থানাধীন পশ্চিম রামপুর এলাকায় মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে র‍্যাব-৭-এর ফেনী ক্যাম্পের একটি আভিযানিক দল। সন্দেহভাজন কার্গো ট্রাকটি চেকপোস্টের কাছাকাছি পৌঁছালে সেটি থামানোর সংকেত দেওয়া হয়। এ সময় গাড়ি থামিয়ে তড়িঘড়ি করে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে চালক সিয়াম ও হেলপার সাব্বিরকে আটক করে র‍্যাব। পরবর্তীতে কার্গো ট্রাকে তল্লাশি চালিয়ে পেছনের অংশে রক্ষিত তিনটি আলু ভর্তি বস্তার ভেতর থেকে ৪৩টি রোলে মোড়ানো ২১ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই গাঁজার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ১৫ হাজার টাকা।

অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যের পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত কার্গো ট্রাকটিসহ তাতে থাকা ১৩ হাজার কেজি কনফিডেন্স লবণ এবং ১৫০ কেজি আলু জব্দ করা হয়েছে।

ফেনী র‍্যাব ক্যাম্পের অধিনায়ক মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী জেলার ফেনী সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

বিষয় :